২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 11:21 AM

Updated : 11 Mar 2024, 11:21 AM

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণ গেছে, আহত হয়েছেন আরও একজন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০) এবং তার যাত্রী ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বলেন, সিরাজুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে দুইজন যাত্রী নিয়ে তিনি ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন।

“ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যায়। মোটরসাইকেলের অপর যাত্রীও আহত হন।”

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে হাসপাতালে পাঠায় পুলিশ।

ওসি বলেন, সিরাজুল ও মোশাররফের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।