২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

ঘটনার চার দিন পর পুলিশ মেয়েটির মায়ের দেওয়া মামলা রেকর্ড করেছিল।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 07:23 PM

Updated : 31 Jul 2022, 07:41 PM

কুষ্টিয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্ত সুজন (২৬) দৌলতপুর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা শাহারুল মণ্ডলের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টায় বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী সুজন তাদের ১৪ বছর বয়সী মেয়েকে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে অন্য প্রতিবেশীরা ছুটে গেলে ধর্ষণকারী পালিয়ে যান। পরে আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার চার দিন পর মেয়েটির মায়ের করা এজাহার মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক আজিজুর রহমান।