২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়ায় যুবলীগ নেতাসহ ২ জনকে শোকজ

কুষ্টিয়া-১ আসনে যুবলীগ নেতাকে ১ জানুয়ারি এবং কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ৩০ ডিসেম্বর অনুসন্ধান কমিটি কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়ায় যুবলীগ নেতাসহ ২ জনকে শোকজ

দৌলতপুর উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহম্মেদ টোকন চৌধুরী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 10:52 PM

Updated : 29 Dec 2023, 10:52 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার নির্বাচনি প্রচারে অস্ত্র দেখিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

বুলবুল অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ভাই।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেলে শুক্রবার বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয় বলে জানান আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

চিঠিতে ১ জানুয়ারি সকাল ১১টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে যুবলীগের এ নেতাকে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বুলবুল আহম্মেদ মোবাইল ফোনে বলেন, “আমি এখনও কোনো নোটিস পাইনি। আমি একটা প্রোগ্রামে আছি পরে কথা বলব।”

এদিকে কুষ্টিয়া-২ আসনে নৌকার ভোট করতে নিষেধ করা ও ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচন করার জন্য একজনকে মারধরের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে শোকজ করা হয়েছে।

শোকজ পাওয়া মো. রাজন ভেড়ামারা উপজেলার চণ্ডীপুর গ্রামের প্রয়াত ওয়াহেদ আলীর ছেলে। তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিনের সমর্থক।

শুক্রবার কুষ্টিয়া-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রেজওয়ানুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মনিরুল।

চিঠিতে শনিবার সকাল ১১টায় রাজনকে অনুসন্ধান কমিটির প্রধানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।