২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ঘরে যুবকের ঝুলন্ত লাশ

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 03:41 PM

Updated : 18 Sep 2022, 09:52 AM

জয়পুরহাট সদর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ তার শোয়ার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রাম থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তাকিম হোসেন নামের ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন তারা।

২০ বছর বয়সী মোস্তাকিম একই গ্রামের আব্দুল হামিদ ছেলে।

মোস্তাকিমের বাবা আব্দুল হামিদ বলেন, “এ বছর জুলাই মাসে আমার ছেলের সঙ্গে নওগাঁর ধামুরহাট উপজেলার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়া পারভীনের (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর রিয়া বাবার বাড়ি চলে যায় এবং সেখানে সবাইকে জানায় যে, আমরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছি।”

মোস্তাকিমের ভগ্নিপতি ফেরদৌস হোসেন ও চাচাত ভাই ইউসুফ আলীসহ স্বজনরা জানান, বিষয়টি উভয় পরিবার আলোচনা করে সমঝোতা করে। এরপর রিয়া শুক্রবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে আসে। রাতে খাবার খেয়ে মোস্তাকিম ও রিয়া একই ঘরে ঘুমাতে যান। এরপর পরে রাত ১টার দিকে রিয়া বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে মোস্তাকিম ঘরে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়।

ওসি বলেন, মোস্তাকিমের ‘অস্বাভাবিক’ মৃত্যুর পর তার স্বজনরা রিয়ার উপর চড়াও হতে পারে বা তার ক্ষতি করতে পারে আশঙ্কায় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।