সম্পত্তির জন্য বাবাকে পিটুনি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ছেলে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রাম থেকে ওই আব্দুল মান্নানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান।
৭৫ বছর বয়সী আব্দুল জলিলকে মারধরের অভিযোগ তার ছেলে মো. নাঈম ইসলাম শনিবার সকালে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আবদুল মান্নান তার বাবাকে ব্যাপক মারধর করেন। প্রতিবেশী কেউ সেটি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। স্থানীয়রা সেটি দেখে ক্ষুব্ধ হয়ে পুলিশকে জানায়।
ভাইরাল হওয়া এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আব্দুল জলিলকে প্রথমে তার ছেলে আবদুল মান্নান গালমন্দ করতে থাকেন। আবদুল মান্নান থাকেন একটি আধাপাকা (টিনসেড) ঘরে। আর পাশেই ভাঙাচোরা একটি ছোট্ট টিনের ঘরে থাকেন বৃদ্ধ জলিল। তিনি কোথাও যাওয়ার জন্য পাঞ্জাবি পরছিলেন। এ সময় ছেলে প্রথমে ঘরে ঢুকে বাবাকে কিল-ঘুষিসহ মারপিট করেন। বৃদ্ধ বাঁচার আকুতি নিয়ে ঘরের বাইরে আসেন। একপর্যায়ে দৌড়ে গিয়ে একটি লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করেন মান্নান। এ সময় বৃদ্ধ চিৎকার করতে থাকেন।
ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান স্বীকার করেছেন, সম্পত্তির জন্যই তিনি তার বাবাকে পিটিয়েছেন।“
