মতবিরোধ দূর করে দলকে শক্তিশালী করতে কাজী জাফর উল্লাহর আহ্বান
“আমাদের ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে এ অঞ্চলের উন্নয়ন থেমে যাবে।”
আগামী নির্বাচনকে আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, “আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ করা চলবে না। এখন থেকেই সংগঠনকে আরও মজবুত শক্তিশালী করতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।”
মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
কাজী জাফর উল্লাহ বলেন, “ গত ১৫ বছরে বর্তমান সরকার দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। আমাদের প্রতিটি কর্মির দায়িত্ব শেখ হাসিনার এই উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা।
“আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে এ অঞ্চলের উন্নয়ন থেমে যাবে, আমাদের প্রত্যেকটি পরিবারের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আগামীতে আবার নৌকায় ভোট দিতে হবে।
আপনাদের প্রত্যেককেই সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, সুন্দর ভবিষ্যৎ চাইলে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকা প্রতীকের বিকল্প নেই “
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
