২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য

“২০০০ সালের দিকে অষ্টম শ্রেণিতে ভর্তি হলেও বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব নেওয়ায় খুব একটা এগিয়ে যাওয়া হয়নি।”

গাজীপুরে ৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য

শামীম মৃধা মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 12:11 AM

Updated : 29 Jul 2023, 12:20 AM

গাজীপুরের শ্রীপুরে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন এক ইউপি সদস্য।

শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ মো. শামীম মৃধা (৩৪) জিপিএ ৪ দশমিক ৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

শামীম মৃধা মাওনা গ্রামের মৃত আবুল হাসেম মৃধার ছেলে। তিনি শ্রীপুরের সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্সটিটিউট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। তিনি গত ইউপি নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

শামীম মৃধা বলেন, “আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমাকে কওমি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখান থেকে আমি হাফেজ সম্পন্ন করি। এরপর সাধারণ শিক্ষা গ্রহণের জন্য ২০০০ সালের দিকে অষ্টম শ্রেণিতে ভর্তি হলেও বাবার মৃত্যুর পর সাংসারের দায়িত্ব নেওয়ায় খুব একটা এগিয়ে যাওয়া হয়নি।

“গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রচার হয় যে, নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। সরকার যদি ওই সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করে তাহলে তো আমি নির্বাচনে অংশ নিতে পারব না। তাই আমি আবার ভর্তি হই।

ইউপি সদস্য বলেন, “আল্লাহ্ আমার মনের আশা পূরণ করেছেন। পরীক্ষায় পাশ করার খবরে এলাকার ভোটার ও আমার শুভাকাঙ্ক্ষীরা ফুল, মিষ্টি নিয়ে বাড়িতে আসছেন অভিনন্দন জানাতে। আমি এতে বেশ উৎফুল্ল, আমার ইচ্ছে আছে কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার।”

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, “শামীম খুবই দায়িত্বশীল। তার মানুষকে সেবা করার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। এ বয়সে তার উচ্চশিক্ষা গ্রহণ অন্য মানুষকে অনুপ্রাণিত করবে। শিক্ষার যে কোনো বয়স নেই শামীম মৃধাই তার দৃষ্টান্ত।”