২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটির তিন প্যানেল মেয়র নির্বাচিত

নারায়ণগঞ্জ সিটির তিন প্যানেল মেয়র নির্বাচিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র [বাম থেকে] আব্দুল করিম বাবু, শাহ্জালাল বাদল ও শারমিন হাবিব বিন্নি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 12:35 AM

Updated : 13 Dec 2022, 12:35 AM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আব্দুল করিম বাবু, শাহ্জালাল বাদল ও শারমিন হাবিব বিন্নি প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে নগরভবনের পঞ্চম তলায় সম্মেলন কক্ষে ভোটগ্রহণ হয়।

বেলা ১২টায় করপোরেশনের মাসিক সভা শুরু হয়। সভাশেষে তিন জন প্যানেল মেয়র নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। বেলা আড়াইটার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।

মেয়র সেলিনা হায়াৎ আইভী ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের উপস্থিতিতে ৩৪ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। দুই জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন।

ভোট গ্রহণ ও গণনা শেষে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

এক নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্যানেল মেয়র-১ এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে সংরিক্ষত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। তার বিপরীতে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

তিন নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন এবং ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, এক নম্বর প্যানেল মেয়র পদে আব্দুল করিম বাবু ২০ ভোট, রুহুল আমিন ১০ ভোট এবং আফসানা আফরোজ বিভা ৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে শারমিন হাবিব বিন্নি ২০ ভোট, শাওন অংকন ১১ ভোট ও শিউলী নওশাদ ৩ ভোট পেয়েছেন।

ভোটগ্রহণ চলাকালে নগরভবনের সামনে প্যানেল মেয়র প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।