০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আইনি লড়াই শেষে হামট্রামকের মেয়র হচ্ছেন বাংলাদেশি মুহিত মাহমুদ

আগামী রোববার তার শপথ নেওয়ার কথা রয়েছে।

আইনি লড়াই শেষে হামট্রামকের মেয়র হচ্ছেন বাংলাদেশি মুহিত মাহমুদ

হামট্রামকের মেয়র নির্বাচিত মুহিত মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:09 PM

Updated : 04 Nov 2026, 12:09 PM

দীর্ঘ আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্রামক শহরের মেয়র হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ।

আগামী ৮ নভেম্বর তার শপথ নেওয়ার কথা রয়েছে।

ওয়েইন কাউন্টির সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি ৩০ অক্টোবর এক রায়ে মুহিত মাহমুদের বিরুদ্ধে শহরে বসবাসের শর্ত পূরণ না করার অভিযোগ খারিজ করে দেন।

একই সঙ্গে ডাকযোগে আসা ৩৭টি ব্যালটের ফল প্রত্যয়ন করতে ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সকে নির্দেশ দেন তিনি।

এর মধ্য দিয়ে হামট্রামকের মেয়র পদে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণের পথে বড় আইনি বাধা দূর হল। তবে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের বিষয়টি বোর্ডের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে ডাকযোগে আসা ৩৭টি ব্যালট গণনা ছাড়াই ফল ঘোষণা করা হয়েছিল। তাতে ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যাডাম আলহারবি মেয়র নির্বাচিত হন। এ ফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুহিত মাহমুদ।

আদালতের নির্দেশে ওই ৩৭টি ব্যালট গণনার পর দেখা যায়, মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। আর অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত।

তবে নির্বাচনের ফল পরিবর্তনের পরও তা আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করতে পারেনি ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স। কারণ, হামট্রামকে মুহিত মাহমুদের বসবাসের শর্ত পূরণ নিয়ে একটি মামলা তখনো বিচারাধীন ছিল।

অভিযোগ ছিল, মুহিত মাহমুদ হামট্রামকে বসবাস করেন না। তার প্রকৃত বাসস্থান মিশিগানের ট্রয় শহরে। এ অভিযোগের ভিত্তিতে তার মেয়র পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা চ্যালেঞ্জ করেছিলেন অ্যাডাম আলহারবি।

গত ২২ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে এ বিষয়ে শুনানি হয়। এরপর ৩০ অক্টোবর দেওয়া রায়ে বিচারক ক্যাথলিন ম্যাকার্থি বলেন, সাক্ষীদের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয়েছে, মেয়র পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় বসবাসের শর্ত মুহিত মাহমুদ পূরণ করেছেন।

রায়ে বিচারক বলেন, মুহিত মাহমুদের বিভিন্ন শহরে একাধিক বাসস্থান রয়েছে। তার স্ত্রী ও সন্তানরা মূলত পাশের ট্রয় শহরে থাকেন। তবে এসব বিষয় তাকে হামট্রামকের মেয়র পদে দায়িত্ব পালনের অযোগ্য করে না।

২০২৫ সালের নভেম্বরে নির্বাচনের পরদিন হামট্রামক শহরের ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতরে ৩৭টি ব্যালট পাওয়া যায়। পরে সেপ্টেম্বর মাসে একজন বিচারক ব্যালটগুলো গণনার নির্দেশ দেন।

১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ব্যালটগুলো পরীক্ষা ও গণনা করে। তাতে মুহিত মাহমুদের ভোটসংখ্যা বেড়ে ২ হাজার ৮৯ এবং অ্যাডাম আলহারবির ভোট দাঁড়ায় ২ হাজার ৭৭।

অ্যাডাম আলহারবি ২০২৬ সালের জানুয়ারি থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।

মুহিত মাহমুদ যুক্তরাষ্ট্রের কোনো শহরের মেয়র নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় জনপ্রতিনিধি।

এর আগে পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়ার কাছের মিলবোর্ন শহরের মেয়র নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুবুল আলম তৈয়ব। তিনি চট্টগ্রামের সন্তান।

হামট্রামক সিটি কাউন্সিলের ছয় সদস্যের মধ্যে চারজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তারা হলেন আবু আহমেদ মুসা, মোহাম্মদ হাসান, মোহতাসিম সাদমান ও নাঈম চৌধুরী লিয়ন।