০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফয়সল আমীন ও এলিজা জামানের সংসদ সদস্যের শপথ মঙ্গলবার

শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ফয়সল আমীন ও এলিজা জামানের সংসদ সদস্যের শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ ভবন। ছবি: মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:24 PM

Updated : 02 Nov 2026, 03:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নেবেন মঙ্গলবার।

সেদিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের অফিস কক্ষে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামানের শপথ অনুষ্ঠান হবে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

নির্বাচন কমিশন ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। মির্জা ফয়সল আমীন তার ভাই।

অন্যদিকে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির এলিজা জামানকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে গত ১ অক্টোবর ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।