ধর্মঘট: ৭০০ রিকশাভ্যানে নীলফামারী থেকে রংপুরে বিএনপি নেতা-কর্মীরা
সৈয়দপুর কামারপুকুর মোড় থেকে বিএনপির নেতাকর্মীদের বহনকারী ওই ৭০০ রিকশাভ্যান রংপুরে সমাবেশের পথে রওনা দেয়।
ধর্মঘটের কারণে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় নীলফামারীর সৈয়দপুরের বিএনপি নেতাকর্মীরা ব্যাটারি চালিত রিকশাভ্যানে করে রংপুরের গণসমাবেশে যোগ দিয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে সৈয়দপুর কামারপুকুর মোড় থেকে বিএনপির নেতাকর্মীদের বহনকারী ওই ৭০০ রিকশাভ্যান রংপুরের পথে রওনা দেয়। ওই বহরের নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক ও সৈয়দপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিম।
এ সময় নেতাকর্মীদের কারো কারো হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও দলীয় প্রতীক ধানের শীষ দেখা গেছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “আমরা জানতাম, ক্ষমতাসীনরা গণসমাবেশের আগেই বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিবে। তাই আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে বিকল্প বাহন হিসেবে ব্যাটারি চালিত রিকশাভ্যান, মোটরসাইকল ও অটোরিকশাকে বেছে রেখেছিলাম। শুক্রবার এ সব বাহনে ১০ হাজার নেতাকর্মীকে গণসমাবেশ স্থলে পৌঁছে দেওয়া হয়েছে।
“এছাড়া শনিবার সকাল ৮টায় ৭০০ রিকশা ভ্যানে আরও সাড়ে ছয় হাজার নেতাকর্মীকে নিয়ে আমাদের নেতারা রওনা দেন সমাবেশ স্থলের উদ্দেশ্যে।”
ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে এই পরিবহন ধর্মঘট ডেকেছে উল্লেখ করে আব্দুল গফুর আরও বলেন, “রংপুরের গণসমাবেশে যাতে বিএনপির নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ অংশ নিতে না পারে তার জন্য ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দিচ্ছে।
“তবে সব বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ আজকের সমাবেশ সফল করবে, এ গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।”
যাত্রাপথে জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, “আজকে রংপুরের গণসমাবেশ ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিলো। কিন্তু রংপুরের পরিবহন ধর্মঘটের কারণে আমাদের অনেক প্রস্তুতি বাদ দিতে হয়েছে। যেহেতু বাস ট্রাক চলাচল বন্ধ, তাই আমরা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির প্রতিটি ইউনিটের প্রায় সাড়ে ছয় হাজার নেতাকর্মী ৭০০টি রিকশাভ্যান করে সমাবেশ স্থলে হাজির হবো।”
মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মটের ডাক দেয় রংপুর জেলা মোটর মালিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
