২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চুরির অপবাদে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ, আটক স্বামী

মানহানির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

জয়পুরহাটে চুরির অপবাদে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ, আটক স্বামী

আটক জাহাঙ্গীর আলম।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:23 PM

Updated : 22 Jul 2023, 09:23 PM

জয়পুরহাটে শাশুড়ির ওড়না চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার পুরানাপৈল শালগ্রামের এই ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পরে শনিবার দুপুরে তার স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।

জাহাঙ্গীর একই গ্রামের মুমিন হোসেনের ছেলে।

গ্রামবাসী ও গৃহবধূর স্বজনদের বরাতে ওসি জানান, সাত বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে পাঁচবিবি উপজেলার ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ তুচ্ছ ঘটনা নিয়ে নির্যাতন করতেন।

“গত কোরবানির ঈদের দিন শাশুড়ির ওড়না চুরি হলে স্বামীসহ নির্যাতনকারীরা তাকে সন্দেহ করতে থাকেন। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে গৃহবধূকে চুরির অপবাদ দিয়ে তারা হাত-পা বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেন।”

এ সময় হানিফা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয় বলে জানান ওসি।

এ বিষয়ে ভুক্তভোগী নারী মানহানির মামলা করেছেন; তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।