১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আগমনী বার্তা: শুষ্ক আবহাওয়ায় চুলের যেসব ক্ষতি হয়

শীতের শুরুতে মাথার ত্বকের শুষ্কতা, খুশকি ও চুল পড়া রোধের উপায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:02 PM

Updated : 15 Nov 2026, 09:02 PM

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শুরু হতেই বাতাসের আর্দ্রতা দ্রুত কমতে থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রথম প্রভাব পড়ে ত্বক ও চুলের ওপর।

বাতাসে জলীয় বাষ্পের অভাবে মাথার ত্বক বা ‘স্ক্যাল্প’ প্রাকৃতিক তেল হারিয়ে শুষ্ক হয়ে পড়ে, ফলে চুল রুক্ষ হয়ে যাওয়া, আগা ফেটে যাওয়া এবং চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়।

তবে শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রান্নাঘরের সাধারণ কিছু ঘরোয়া উপাদান এবং সঠিক পরিচর্যার মাধ্যমে চুলকে সুস্থ ও ঝলমলে রাখা সম্ভব।

শীতের আগে চুলে যেসব সমস্যা দেখা দেয়

ভারতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘অ্যাপোলো ফার্মেসি’র সাম্প্রতিক হেলথ ব্লগে প্রকাশিত চর্মরোগ বিশেষজ্ঞদের নির্দেশিকা এবং ইতালির সেলিব্রিটি কেশ-পরিচর্যাকর রোসানো ফেরেত্তি’র ‘অফিশিয়াল হেয়ার কেয়ার ব্লগে’ উল্লিখিত বিশ্লেষণ অনুযায়ী এই সময়ে চুলের মূল সমস্যাগুলো হল:

মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি: ঠান্ডা ও শুষ্ক বাতাস মাথার ত্বকের আর্দ্রতা শুষে নেয়, ফলে ‘স্ক্যাল্প’ খসখসে হয়ে চুলকানি ও খুশকির উপদ্রব বাড়ে।

চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যাওয়া: আর্দ্রতার অভাবে চুলের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘কিউটিকল’ উন্মুক্ত হয়ে পড়ে। ফলে চুল উষ্কখুষ্ক দেখায় এবং সামান্য টান লাগলেই মাঝখান থেকে ভেঙে যায়।

অতিরিক্ত চুল পড়া: শরৎ ও প্রাক-শীতের সন্ধিক্ষণে আবহাওয়ার পরিবর্তনের কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি চুল পড়তে দেখা যায়। তবে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক থাকলে এই হার আরও বেড়ে যায়।

চুলের আগা ফেটে যাওয়া: আর্দ্রতা হারানোর পাশাপাশি উলের টুপি বা স্কার্ফের ঘর্ষণে চুলের নিচের অংশ ফেটে গিয়ে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।

চুলের যত্নের ঘরোয়া উপাদান

সঠিক তেলের উষ্ণ মালিশ

ভারতের মুম্বাইয়ের চর্মরোগ ও কেশ প্রতিস্থাপন বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন) ডা. ভি.চতুর্বেদী ফ্যাশন সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, “গরমের সময়ে সাধারণ নারিকেল তেল ভালো কাজ করলেও শীতের শুষ্ক আবহাওয়ায় এমন তেল বেছে নেওয়া উচিত যা চুলের গভীরে দ্রুত প্রবেশ করে।

ব্যবহারের নিয়ম: ডা. চতুর্বেদীর পরামর্শ অনুযায়ী, শ্যাম্পু করার অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে কাঠবাদামের তেল, ক্যাস্টর অয়েল অথবা জলপাইয়ের তেল হালকা কুসুম গরম করে মাথার ত্বকে মালিশ করতে হবে।

তবে যাদের খুশকির প্রবণতা বেশি, তাদের সারা রাত তেল মেখে না রেখে কয়েক ঘণ্টার মধ্যেই ধুয়ে ফেলা নিরাপদ।

মধু, অ্যালোভেরা ও নারিকেল তেলের আর্দ্রতা রক্ষার মাস্ক

ভারতের হোমিওপ্যাথি ও কেশ চিকিৎসা প্রতিষ্ঠান ‘ডা. বাত্রাস’-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রকাশিত ‘ত্বক ও কেশ পরিচর্যা’র নির্দেশিকায় চুলের গভীরে আর্দ্রতা ফেরাতে ঘরোয়া মাস্কের ওপর জোর দেওয়া হয়।

মধু প্রাকৃতিক ‘হিউমেক্ট্যান্ট’ হিসেবে বাতাস থেকে আর্দ্রতা টেনে চুলে ধরে রাখে এবং অ্যালোভেরা জেল মাথার ত্বকের চুলকানি প্রশমিত করে।

ব্যবহারের নিয়ম: ২ টেবিল-চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল-চামচ খাঁটি মধু এবং ১ টেবিল-চামচ নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে।

৩০ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে চুলের রুক্ষতা দূর হয়।

টকদই ও ডিমের প্রোটিন প্যাক

ইতালীয় কেশ-বিশেষজ্ঞ রোসানো ফেরেত্তি বলেন, “শীতের রুক্ষতা থেকে চুল বাঁচাতে পুষ্টি ও প্রোটিন জোগানো অপরিহার্য।

ঘরোয়া উপাদান হিসেবে ডিমের কুসুমে থাকা প্রোটিন এবং বায়োটিন চুলের ভঙ্গুরতা রোধ করে। আর টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকের মরা কোষ পরিষ্কার করে।

ব্যবহারের নিয়ম: ১টি ডিমের সঙ্গে ৩ টেবিল-চামচ পানি ঝরানো টক দই এবং ১ চা-চামচ জলপাইয়ের তেল ফেটিয়ে সপ্তাহে একদিন চুলে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম বা স্বাভাবিক পানিতে ধুয়ে নিতে হবে।

গোসলের পানি ও ধোয়ার অভ্যাসে পরিবর্তন

ভারতের অ্যাপোলো ফার্মেসির চর্মরোগ বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী, শীতের দিনে অতিরিক্ত গরম পানি দিয়ে মাথা ধোয়া চুলের জন্য ক্ষতিকর।

গরম পানি মাথার ত্বকের প্রাকৃতিক তেল পুরোপুরি ধুয়ে ফেলে। তাই সবসময় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে এবং সপ্তাহে ২ থেকে ৩ দিনের বেশি সালফেট-মুক্ত মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত নয়।

শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং ভেজা চুল নিয়ে ঘরের বাইরে বের হওয়া এড়িয়ে চলতে হবে।

পুরনো খবর:

পাতলা চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করার উপায়
প্রাকৃতিকভাবে চুল ঘন দেখানোর উপায়
যে ভিটামিনে চুল শক্ত ও ঘন হতে পারে
মাথার ত্বকের যে অংশ থেকে চুল পাতলা হয়
ঘন চুল পেতে যা করতেই হবে