১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে বাতাসে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের চাল

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়, এসব ঘরের নির্মাণ কাজ গত মাসেই শেষ হয়েছে।

মাদারীপুরে বাতাসে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের চাল

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাতাসেই উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘরের টিন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 10:07 PM

Updated : 01 Apr 2023, 10:07 PM

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাতাসে উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ‘ছয়টি ঘরের’ টিনের চাল। এতে আতঙ্ক বিরাজ করছে উপকারভোগীদের মধ্যে। 

শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে সামান্য বাতাসে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরঠেঙ্গামারা এলাকার আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘরের বারান্দাসহ ছাউনির টিন উড়ে যায়। 

স্থানীয়দের দাবি, দায়সারাভাবে কাজ করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই এ অবস্থা হয়েছে। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, এই ঘর নির্মাণের কাজ গত মাসেই শেষ হয়েছে। 

স্থানীয় বাসিন্দা মো. সামচু বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরির কারণে চাল উড়ে গেছে।” 

স্থানীয় বাসিন্দা হাসমত আলী বলেন, “ভোর রাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে সামান্য বাতাস। এতে এলাকায় তেমন কোনো ক্ষতি হয়নি।” 

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, “সরকার গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করেছে। এটা ভালো কাজ। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে নির্মাণের এক মাসে মধ্যেই ঘরে চাল উড়ে গেছে। 

“বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জতিদের বিচারের আওতায় আনার দাবি জানাই।” 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “ঝড়ে চাল উড়ে যেতেই পারে। এখনও ঘরে কেউ উঠেনি। চাল ঠিক করে দেওয়া হবে।” 

কাজে গাফিলতি আছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ঝড়ে ক্ষতি হতেই পারে। আমি তো এখনও তেমন কিছু শুনিনি।” 

এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকী সাহাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, “ঝড়ের কারণে চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সকালেই মেরামত করে দেওয়া হয়েছে।” 

নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করেছে কি-না প্রশ্নে তিনি বলেন, “খোলা স্থানের ঘর বানানোর কারণে এমন হয়েছে।”