১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘পাথর বোঝাই ট্রাকে ভারতীয় কাপড়-প্রসাধনী’, আটক ২

শুল্ক পরিশোধের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পণ্যসহ ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 10:44 PM

Updated : 18 Aug 2023, 12:17 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি পিস ও প্রসাধনী সামগ্রী জব্দের কথা জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের পাগল স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার রুহান মঞ্জুর বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে বুধবার রাত ৩টার দিকে এসব পণ্য জব্দ ও দুজনকে আটক করা হয়।

“শুল্ক পরিশোধের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পণ্যসহ ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।”

রুহান মঞ্জুর বলেন, বিপুল পরিমাণ শাড়ি থ্রি পিস, ওষুধ, প্রসাধনী ভারত থেকে প্রবেশ করেছে এবং এসব পণ্য পাথর বোঝাই ট্রাকে সিলেট থেকে ঢাকায় নেওয়ার গোপন খবরে কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পাশে অবস্থান নেয়।

“বুধবার রাত ৩টার দিকে ট্রাকটি কাঁচপুর সেতুর কাছে এলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। কিন্তু চালক ট্রাক না থামিয়ে দ্রুত ঢাকার দিকে নিয়ে যেতে থাকেন। তখন ধাওয়া করে ট্রাকটি থামিয়ে চালক ও তার সহকারীকে আটক করা হয়,” বলেন কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৯৫ পিস ভারতীয় শাড়ি, ৭০ পিস লেহেঙ্গা, ১২০ পিস শ্যাম্পু, ৫ হাজার পিস সানরাইজ ক্রিম, ১ হাজার ৪০ পিস সিরাপ জব্দের দাবি করে কোস্টগার্ড কর্মকর্তা বলেন, জব্দ পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে রুহান আরও বলেন, মামলার পর আটক দুজনকে থানায় হস্তান্তর করা হবে।