২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দেশীয় বন্দুক ও গুলি জব্দ, একজন গ্রেপ্তার

বাবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

কক্সবাজারে দেশীয় বন্দুক ও গুলি জব্দ, একজন গ্রেপ্তার

কক্সবাজারের সদর উপজেলায় দেশীয় বন্দুক ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

Published : 20 Aug 2023, 06:18 PM

Updated : 20 Aug 2023, 06:18 PM

কক্সবাজারের সদর উপজেলায় দেশীয় তিনটি বন্দুক ও ৯৮টি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) ওই উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারে এলাকার বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল। এ সময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।   

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাজারের গ্রিল ও ওয়ার্কশপের একটি দোকানের ভেতর তিনজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন। 

এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যান বলে জানান তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “পরে গ্রেপ্তার বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি তিনটি বন্দুক ও ৯৮টি গুলি জব্দ করা হয়। “ 

তিনি বলেন, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে। 

এ সব মামলায় তিনি পলাতক ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।