কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক আটক নারীকে আটক করেছে এপিবিএন।
Published : 19 Oct 2023, 10:37 PM
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ গোলাগুলির পর চারটি বন্দুক ও পাঁচটি গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত এডিআইজি মোহাম্মদ ইকবাল জানান।
আটক ইয়াছমিন আরা (২৭) ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনসার উল্লাহর স্ত্রী।
মোহাম্মদ ইকবাল বলেন, ক্যাম্পের সি-ব্লকের জনৈক এক ব্যক্তির বসত ঘরে অস্ত্র মজুদ ও কতিপয় দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছেন এমন খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়।
ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলা হয়; তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “পরে দুর্বৃত্তরা পাশের একটি পাহাড়ে অবস্থান নিয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পাল্টা গুলি ছুঁড়ে এপিবিএন সদস্যরা। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে।
“গোলাগুলি থেমে যাওয়ার পর সন্দেহজনক বসত ঘরটিতে তল্লাশি চালিয়ে দেশে তৈরি চারটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়। এ সময় ঘরটি থেকে এক নারীকে আটক করা হয়।”
আটক নারীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের মোহাম্মদ ইকবাল।