২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর

বাসের চালক বলেন, “স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানো হয়৷ বাসটির যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কেউ আহত হননি।

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর

মিশনপাড়া এলাকায় বাসটিতে আগুন জ্বালিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 04:09 PM

Updated : 29 Oct 2023, 04:09 PM

নারায়ণগঞ্জ শহরে হরতাল সমর্থনকারীদের মিছিল থেকে একটি বাসে ভাঙচুরের পর অগ্নিসংযোগ ও আরেকটি বাস ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

রোববার বেল পৌনে ১১টার দিকে শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা৷

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মিশনপাড়া এলাকায় বিএনপির মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা উৎসব ট্রান্সপোর্টের বাসে ভাঙচুর চালানো হয়৷ পরে বাসটিতে আগুন দেওয়া হয়৷

পরে একই এলাকায় বন্ধু পরিবহনের আরেক বাসে ভাঙচুর চালানো হয়৷ তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের বাসটির চালক মো. নিয়াজুল সাংবাদিকদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে কয়েকজন যাত্রী ছিলেন৷ বাসটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল৷ এমন সময় একটি মিছিল থেকে লোকজন বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে ভাঙচুর করে৷ পরে বাসটিতে আগুন জ্বালিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়৷ 

“স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানো হয়৷ বাসটির যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কেউ আহত হননি’, বলেন চালক৷

তবে এসব ঘটনার সঙ্গে বিএনপি সমর্থিত কেউ জড়িত নয় বলে দাবি করেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর। 

তিনি বলেন, “হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে বাস চলাচল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়৷ তাদের মিছিল শেষে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়৷”

ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, “সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে বিএনপি ও হরতাল সমর্থনকারীরা৷ কয়েকটি জায়গায় পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে সরিয়ে দেয়৷

“এর মধ্যেই হরতাল সমর্থনে একটি মিছিল থেকে একটি বাস ভাঙচুর এবং আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যাবার আগেই তারা পালিয়ে যায়৷”