২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 04:56 PM

Updated : 11 Jul 2023, 04:56 PM

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন; আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকালে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান।

মৃত হাফিজার রহমান নন্দীগ্রাম উপজেলার কুমিড়ার বাসিন্দা।

চিকিৎসক শফিক বলেন, বুধবার হাফিজার রহমানের প্রথম জ্বর আসে। শনিবার বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।

সেখান থেকে হাফিজারকে সোমবার দুপুরে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। এ ছাড়া শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

হাফিজারের পরিবারের বরাতে তিনি আরও বলেন, “হাফিজারের এক স্কুল পড়ুয়া নাতি ঈদের ছুটিতে ঢাকা থেকে জ্বর নিয়ে নানাবাড়িতে বেড়াতে আসে। মৃত্যুর কারণ হিসেবে সেই ঘটনাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে দুইজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।

বগুড়ায় এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান চিকিৎসক শফিক।