২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট, হোগলা, কচুরিপানার পণ্য যাচ্ছে ২৬ দেশে

কারখানাটিতে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই হাজার শ্রমিকের; যাদের অধিকাংশই নারী।

পাট, হোগলা, কচুরিপানার পণ্য যাচ্ছে ২৬ দেশে

রাজবাড়ীতে গোল্ডেন জুট প্রোডাক্টস কারখানায় পণ্য তৈরি করছেন নারী শ্রমিকরা।

শামিম রেজা, ‍রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 09:30 AM

Updated : 29 Apr 2023, 11:04 AM

রাজবাড়ী সদরে ‘পরিবেশবান্ধব’ কারখানায় পাট, কচুরিপানা, হোগলা পাতা ও খড় দিয়ে তৈরি হচ্ছে প্রায় একশ পণ্য। ব্যাপক চাহিদা থাকায় সেগুলো রপ্তানি হচ্ছে বিশ্বের ২৬টি দেশে।

প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত প্রায় দুই হাজার শ্রমিক হয়ে উঠেছেন আত্মনির্ভরশীল; যাদের অধিকাংশই নারী। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি গ্রামীণ নারীরাও কাজের সুযোগ পাচ্ছেন। 

সরজমিনে সদর উপজেলার ভবদিয়া গ্রামের ‘গোল্ডেন জুট প্রোডাক্টস’ কারখানায় গিয়ে দেখা গেছে, পাট, কচুরিপানা, হোগলা পাতা ও খড় দিয়ে তৈরি করা হচ্ছে নার্সারি পট, ফ্লোর ম্যাট, প্লেস ম্যাট, বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, টিফিন বক্স, পেট হাউস, টিস্যু বক্স, ফাইল বক্স, ট্রে, ফুল ঝুড়িসহ বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পণ‍্য। 

প্রতিষ্ঠানে কর্মরত বেশিরভাগ শ্রমিক হতদরিদ্র নারী। এক সময় যাদের দিন কেটেছে অর্থকষ্টে। এখানে নিয়োগ পাওয়ার পর তাদের অনেকেরই ভাগ্যের চাকা ঘুরেছে। এ ছাড়া কাজ করছেন প্রতিবন্ধী ও বিধবারাও। 

নারীদের পাশাপাশি অনেক পুরুষ শ্রমিকও কাজ করছেন। কেউ পণ‍্য তৈরি করছে, কেউ তৈরি করা পণ‍্য সাজিয়ে রাখছেন। আবার কেউ কেউ বিদেশে পাঠাতে পণ্য প‍্যাকেটজাত করছেন। 

সদর উপজেলার হাউলি জয়পুর গ্রামের সালমা আক্তার বলেন, “আমার স্বামী দিনমজুর। কোভিডের সময় পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দুই বছর আগে এ মিলে চাকরি নেই। 

“এখন আমার সাংসারিক অবস্থা খুবই ভালো। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছি। প্রয়োজনীয় জিনিসের বাইরে দুই-একটা শখের জিনিসও কিনতে পারি। অভাব-অনটন এখন আর নেই।” 

আরেক শ্রমিক ময়না বেগম জানান, এখানে অনেক ধরনের পণ্য তৈরি করা হয়। তার মতো অনেক নারী এখানে কাজ করছেন। এখান থেকে উপার্জিত আয় দিয়ে অনেকেই সংসারের চাহিদা মেটাতে পারছেন। 

নাজমা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, “আগে সংসারের কাজ শেষে বাড়িতে বসে থাকতাম। স্বামীর উপার্জনের টাকায় সংসার চালাতে হিমসিম খেতে হতো। অভাব-অনটন লেগেই থাকতো। 

“ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ ঠিকমত দিতে পারতাম না। তিন বছর ধরে এই কারখানায় কাজ করছি। সংসারের অভাব দূর হয়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচও সময়মত দিতে পারছি।” 

গোল্ডেন জুট প্রোডাক্টসের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটি ২০০৭ সালে সাভারে প্রতিষ্ঠিত হয়। এর কর্ণধার হাকিম আলী সর্দারের নেতৃত্বে আজ এ পর্যায়ে এসেছে। 

“২০১৫ সালে আমরা ঢাকার বাইরে রাজবাড়ীতে মিলটি করার চিন্তা করি। সেই ভাবনা থেকে এক একর জায়গায় এই কারখানাটি চালু করা হয়। আমরা দেশের বিভিন্ন এলাকা থেকে পাট, হোগলা পাতা, ধানের খর, কচুরিপানা সংগ্রহ করি।” 

তিনি আরও বলেন, “কারখানাটিতে শতাধিক পাটজাত পণ্য তৈরি করা হয়। এসব পণ্য নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, জাপান, হংকং, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ২৬টি দেশে রপ্তানি করা হয়। 

“এই প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন শারীরিক প্রতিবন্ধীরাও। কারখানাটিতে বর্তমানে ৮০০ জন কাজ করছেন। তবে বাড়িতে বসে ঘরের কাজের পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করছে প্রায় এক হাজার ২০০ জন।” 

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা উদ্যোক্তাদের বিভিন্ন কারিগরি সেবা ও পরামর্শ দিয়ে থাকি। 

“রাজবাড়ীর এ কারখানায় প্রান্তিক নারীরা কাজ করছেন। এখানে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে। আমরা সবসময় উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরকে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।” 

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোল্ডেন জুট প্রোডাক্টসের কার্যক্রম খুবই ভালো। আমরা তাদের প্রোমোট করছি। তাদের তৈরি পণ্যও মানসম্মত।”