২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় ফের পানি বৃদ্ধি, নীলফামারীর ১৫ গ্রামে প্লাবন

শনিবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে ওঠে; যা বেলা ৩টায় কমে ৪ সেন্টিমিটার নিচ চলে যায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 08:35 PM

Updated : 09 Jul 2023, 01:26 AM

উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে; এতে ডিমলা উপজেলার নিম্নাঞ্চলের ১৫টি গ্রামে পানি প্রবেশ করে। 

শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়ায় পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে ওঠে; পরে যা বেলা ৩টায় কমে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে গত ১৯ জুন রাতে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপর উঠলেও পরদিন নেমে যায়। ওইদিন ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫ চরে পানি ওঠে। কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছিল। তবে কয়েক ঘণ্টা পর পানি নেমে যায়।

স্থানীয়রা জানায়, তিস্তায় পানি বৃদ্ধির ফলে ডিমলার টেপাখড়িবাড়ি, পূর্ব ছাতনাই, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৫ গ্রামে পানি প্রবেশ করে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি কমায় এসব গ্রাম থেকে পানি নেমে যায়। 

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, সকালে পূর্ব ছাতনাই ও ঝাড়সিংহেশ্বর গ্রামে পানি ঢুকতে শুরু করলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। 

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানের ঢলে সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল ৯টায় ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বেলা ১২টায় বিপৎসীমা বরাবর নামে। বেলা ৩টায় পানি আরও কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচে নামে। 

পাউবো নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে। শুক্রবার এ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে ছিল। এখন পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

পুরনো খবর:

হঠাৎ তিস্তায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত