১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ তিস্তায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

সোমবার সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অতিক্রম করে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 12:13 AM

Updated : 20 Jun 2023, 12:13 AM

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার উপরে উঠলেও পরে তা নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়ায় পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়; যা বিকাল নাগাদ ২৫ সেন্টিমিটারে নেমে আসে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রোববার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অতিক্রম করলেও পরে সকাল ৯টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার, বেলা ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, তিস্তায় পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫টি চরের বাসিন্দারা বন্যার মুখে পড়েন। এসব গ্রামে মানুষ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে থাকেন। নিম্ন অঞ্চলের কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করায় বাসিন্দারা গরু-ছাগল, হাঁস-মুরগি উঁচু স্থানে নিয়ে সরে নেন। বিকাল নাগাদ পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, “তিস্তার ঢলে আমার ইউনিয়নের ঝাড়সিহেশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। হঠাৎ ঢল আসায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।”

পাউবোর নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা বলেন, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।