২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলসিন্দুরের সানজিদা-মারিয়াদের বরণে বর্ণিল আয়োজন

ময়মনসিংহের পুলিশ সুপার বলেন, “তাদের এমনভাবে বরণ করতে চাই, যাতে মেয়েরা ভবিষ্যতে বিশ্বজয় করে আমাদের গর্বিত করতে পারে।”

কলসিন্দুরের সানজিদা-মারিয়াদের বরণে বর্ণিল আয়োজন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী ফুটবলাররা ঢাকায় ফেরার পর সমর্থকদের প্রাণখোলা অভিবাদনে সিক্ত হয়ে ছাদ খোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে যান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 02:28 PM

Updated : 28 Sep 2022, 02:57 PM

গারো পাহাড়ের পাদদেশের গ্রাম কলসিন্দুর থেকে ‘হিমালয়’ জয় করে ফেরা ফুটবলারদের বরণে বর্ণিল আয়োজন করা হয়েছে ময়মনসিংহে। সানজিদা-মারিয়াসহ আট নারী ফুটবলারকে বরণ নিয়ে শহর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী নারীদের নিজ জেলায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের। সাফজয়ী ফুটবল দলের আট সদস্যকে সংবর্ধনা দেওয়া হবে নিজ গ্রাম কলসিন্দুরেও।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়বেন মেয়েরা। পরে বিকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন যৌথ আয়োজনে নগরীর বৈশাখী মঞ্চে এবং রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শুক্রবার পুলিশ লাইন্সে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনার আগে ছাদখোলা গাড়িতে পুরো শহর ঘুরবেন আট ফুটবলার সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার।

কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবল দলের ব্যবস্থাপক মালা রাণী সরকার বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে ফুটবলারদের নিয়ে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হবেন তারা।

পথে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এবং ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের মুখে সড়কের ওপর ১০ মিনিট করে বিরতি দেওয়া হবে। সেখানে বিভিন্ন সংগঠন ও প্রশাসনের লোকজন সংবর্ধনা দেবেন।

এরপর ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে মেয়েদের বরণ করে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ মহানগরীর প্রধান সড়ক হয়ে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হবে।

সেখানে দুপুরে খাবারের পর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন, ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তাদের সংবর্ধনা দেওয়া হবে। পরের দিন পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে মেয়েদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা শেষে মেয়েদের নিয়ে কলসিন্দুরের উদ্দেশ্যে যাত্রা করা হবে। সেখানে উপজেলা প্রশাসন তাদেরকে সংবর্ধনা দিয়ে বরণ করবে। সবশেষে মেয়েদের নিজ প্রতিষ্ঠানের উদ্যোগে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হবে।

ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল বলেন, সাফজয়ী ফুটবলাররা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসে ফেডারেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেবেন, তাদের গাড়ির সঙ্গে পুলিশের টহলদল থাকবে।

“পথে পথে সংবর্ধনা শেষে সদরের চুরখাই এলাকায় সিবিএমসিবি হাসপাতালের সামনে তাদের আমরা বরণ করব। সেখানে দুটি খোলা পিকআপ ভ্যান থাকবে।

“একটিতে মেয়েরা এবং তাদের গড়ার কারিগররা থাকবে। অন্যটিতে ব্যান্ড পার্টি থাকবে। সেখান থেকে সোজা তাদেরকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তাদের বৈশাখী মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী বলেন, “যাদের জন্য পুরো দেশের পাশাপাশি আমরা গর্বিত হয়েছি, তাদের সংবর্ধনাতে চমক থাকবে না সেটা হতে পারে না। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মেয়েদের বরণ করতে।

“তাদের আসা থেকে শুরু করে থাকাকালীন পর্যন্ত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, সবকিছুতেই ব্যতিক্রম কিছু থাকবে।” 

জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, “নারীর ক্ষমতায়নে অগ্রগামীদের সংবর্ধিত করতে পারাটা আমাদের জন্য গর্বের। আমরা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছি। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের বরণ করব।

“এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মেয়েদের জন্য আমরা গর্বিত হয়েছি। তাদের এমনভাবে বরণ করতে চাই, যাতে ভবিষ্যতে মেয়েরা বিশ্বজয় করে আমাদের গর্বিত করতে পারে।”