২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার আমলে মানুষ হাজার গুণ ভালো আছে, নওগাঁয় খাদ্যমন্ত্রী

“শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন, তিনি তা পৌঁছে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন, তাদের ভাতা বাড়িয়েছেন।”

শেখ হাসিনার আমলে মানুষ হাজার গুণ ভালো আছে, নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁয় নিয়ামতপুর উপজেলা শাখা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 09:21 PM

Updated : 11 Jul 2023, 09:21 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যেসব উন্নয়ন করেছেন সেসবের খবর ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, “শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে আছে। ২০০৮ সালের সঙ্গে ২০২৩ সালের আর্থ-সামাজিক অবস্থা তুলনা করলে বলতে হবে এখন মানুষ হাজার গুণ ভালো আছে।” 

মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর কলেজ মাঠে আওয়ামী যুবলীগের নিয়ামতপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন, তিনি তা পৌঁছে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন, তাদের ভাতা বাড়িয়েছেন। গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দিয়েছেন, বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবারাও ভাতা পাচ্ছেন। এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তার উন্নয়ন বার্তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

বর্তমান সরকারকে কৃষকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, “সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, হবেও না। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে।”

এসময় বিভিন্ন ইস্যুতে বিএনপির সমালোচনা করেন মন্ত্রী। 

তিনি বলেন, “বিএনপির এক দফা আন্দোলন কী, জনগণ তা জানতে চায়। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। এই সরকার ব্যবস্থার অবসান হয়েছে আদালতের নির্দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, “বিএনপি জনগণের সমর্থন চায় না। জনগণকে বিশ্বাস করে না। তারা চেয়ে আছে বিদেশিদের দিকে। বিদেশি প্রভুরা নাকি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে! জনগণ তাদের এ আশা পূরণ হতে দেবে না।”

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।