২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়: ভোলায় আরও দুজনের মৃত্যু

সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে চার জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়: ভোলায় আরও দুজনের মৃত্যু

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 11:30 AM

Updated : 25 Oct 2022, 11:30 AM

ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে ভোলা সদর ও লালমোহন উপজেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে জেলায় মোট চারজনের মৃত্যু হলো।

সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে চার জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার মফিজল হক (৬২), লালমোহন উপজেলার রাবেয়া বেগম (২৫), দৌলতখান উপজেলার বিবি খাদিজা (৮০) এবং চরফ্যাশন উপজেলার আলম স্বর্ণকার।

লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে জোয়ারের পানিতে ডুবে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম জানান।

তিনি বলেন, ভোর রাতের দিকে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাবেয়ার ঘরে পানি উঠে যায়। পরে ঘর থেকে বের হয়ে অন্য ঘরে যাওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, ঝড়ে পৌরসভায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত নারীর নাম বিবি খাদিজা (৮০) বলে জানা গেছে। তিনি দৌলতখান পৌরসভায় মৃত গোলাম মোস্তফার স্ত্রী।

পরিবার জানায়, ঝড়ের মধ্যে সন্ধ্যা ৭টার দিকে ঘরের ওপর গাছ পড়লে বৃদ্ধা নিচে চাপা পড়েন। আত্মীয়-স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশনের ইউএনও আল নোমান বলেন, সেখানে আলম স্বর্ণকার নামে এক ব্যক্তি ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার এওয়াজপুর এলাকার বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়েছিল। চালক ডালের নিচ দিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে পারলেও আলম ডালে আঘাত পান।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর ধনিয়া এলাকায় এলাকায় গাছ চাপা পড়ে মফিজল হক (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর ইসলাম।