২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

বাস টার্মিনালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি থানায় নিয়ে যাচ্ছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 08:27 PM

Updated : 11 Aug 2023, 08:27 PM

দিনাজপুর সদরে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় মির্জাপুর বাস টার্মিনাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালানদা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মঙ্গল মুর্মু (৫৫) ও মালতি মার্ডি (৪৫)।

আহতরা হলেন- সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার রবি হাসদার ছেলে বিপ্লব হাসদা (১৭)। অপর আহত ইজিবাইক চালক মহসিন আলী (৪৫) পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনি শাহের ছেলে। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি তানভিরুল জানান, বিকাল সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মঙ্গল ও মালতিকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

ওসি তানভিরুল আরও বলেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক এবং বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।