‘শখের বশে সাপ ধরেছি, শখ মিটে গেলে ছেড়ে দিব’
তিনি বলেন, “সাপ নিজে খায় না; তাকে খাইয়ে দিতে হয়।”
বরিশাল নগরীর রুপাতলী এলাকার একটি বাসার রান্নাঘর থেকে গোখরা ধরেছেন এক চা বিক্রেতা। তার ভাষ্য, শখের বশে তিনি সাপটি ধরেন, শখ মিটে গেল ছেড়ে দেবেন।
গত মঙ্গলবার নগরীর রুপাতলী এলাকায় মোল্লা বাড়ির রান্নাঘরের লাকড়ির স্তূপ থেকে তিন হাত লম্বা যে সাপটি তিনি ধরেছেন, সেটি বর্তমানে তার হেফাজতেই আছে।
সুমন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাপটি তাদের রান্নাঘরে লাকড়ির মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফোটায়। খবর পেয়ে চা দোকানী মজিবুল হক সাপটি ধরে নিয়ে গেছেন। তবে বাচ্চাগুলো অন্যত্র চলে যায়।
মজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কালিজিরা এ্যাপোলো হাসপাতাল গলিতে তার চায়ের দোকান রয়েছে। শখে তিনি সাপটি ধরেছেন। শখ মিটে গেলে আবার ছেড়ে দেবেন।
তিনি জানান, সাপটি ধরে তিনি মাছ খাইয়ে দিয়েছেন। পরে কিছুক্ষণ রোদে রেখে দেন।
বলেন, “সাপ নিজে খায় না; তাকে খাইয়ে দিতে হয়।”
