ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীন
মামলার নথি অনুযায়ী, ৭০৪ বোতল ফেনসিডিলসহ ২০১৭ সালের ২ ডিসেম্বর তিনি আটক হন।
ঝালকাঠিতে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শাকিল খান সেন্টু (৪০) জেলা শহরের পশ্চিম ঝালকাঠির মো. সিরাজুল হক বেপারীর ছেলে।
তাছাড়া মামলার আরও সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসুল মামলার নথির বরাতে জানান, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর পরদিন জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহিন হোসেন ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটজনের নামে মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসেন আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণসহ বিচার শেষে এই রায় দিল। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে তার আইনজীবী মানিক আচার্য্য জানিয়েছেন।
