ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী
“যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে; সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়; তবে আমাদেরও হবে।”
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানীগঞ্জ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফিলিস্তিনিরা ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, “আমরা সব সময় তাদের পক্ষে। জাতির পিতা বঙ্গবন্ধু তাদের পক্ষে ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের পক্ষে। এটা আমাদের নীতিগত অবস্থান। আমরা মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই।”
ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা তাদের রিকোগনাইজও (স্বীকৃতি) করিনি। আমরা চাই, ফিলিস্তিন ও ইসরায়েলের টু স্টেট সলিউশন (দ্বি-রাষ্ট্র সমাধান)।
“আমরা মনে করি, শান্তি-সমঝোতার জন্য টু স্টেট সলিউশন না হলে সেখানে শান্তি আসবে না। যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে। সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়; তবে আমাদেরও হবে।”
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
