জয়পুরহাটে কবিরাজ হত্যায় সৎ ভাইয়ের প্রাণদণ্ড
মামলায় বলা হয়, জোর করে ঘরে প্রবেশ করে সৎ ভাইকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন ওই যুবক।
জয়পুরহাটের ক্ষেতলালে শত্রুতার জেরে এক কবিরাজকে গলা কেটে হত্যার দায়ে তার সৎ ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জয়পুরহাটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নুর হোসেন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ড পাওয়া সাদ্দাম হোসেন (৩২) উপজেলার মালিপাড়া গ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাতে পিপি জানান, ২০১৯ সালের ১১ নভেম্বর রাতের খাবার খেয়ে বসতঘরে শুয়েছিলেন ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়ার খাজামুদ্দিন কবিরাজ (৮৩) ও তার স্ত্রী। তখন অন্য গ্রামে বসবাস করা সাদ্দাম জোর করে সৎ ভাইয়ের ঘরে প্রবেশের চেষ্টা করেন। এসময় বাড়ির কাজের লোক মন্তাজ হোসেন বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ঘরে ঢোকেন সাদ্দাম। ঘরে ভাবিকে ছুরিকাঘাত করেন। পরে একই ছুরি দিয়েই সৎ ভাইয়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে পরের দিন ক্ষেতলাল থানায় মামলা করেন।
পিপি নৃপেন্দ্রনাথ আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেনের নামে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানিতে ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দেয়।
মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।
