২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ঝড়ে গাছ চাপা পড়ে ২ নারীর মৃত্যু

পুলিশ জানিয়েছে, নিহতরা উপজেলার পাঁচ কাহনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জে ঝড়ে গাছ চাপা পড়ে ২ নারীর মৃত্যু

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 11:56 AM

Updated : 25 Oct 2022, 11:56 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার পাঁচ কাহনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মনসুর জানান।

নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন বেগম (২৫) এবং বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।

ওসি আবুল মনসুর বলেন, ঝড়ের সময় পাঁচ কাহনীয়া গ্রামের শারমিন ঘরের বারান্দায় বসে কাজ করছিলেন। তখন একটি গাছ ভেঙে বারান্দায় পড়ে। এতে ঘটনাস্থলেই গাছ চাপায় তিনি মারা যান।

ঝড়ের সময় রুমিছা বেগম নিজের ঘরেই শুয়ে ছিলেন। এ সময় একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে আট জেলায় মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের দুজন ছাড়া ভোলায় চারজন, কুমিল্লায় তিনজন, সিরাজগঞ্জে দুজন এবং বরগুনা, পটুয়াখালী, নড়াইল ও ঢাকায় একজন করে মারা গেছেন।