২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গুলিতে দুই নির্মাণশ্রমিক আহত

ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ফেরার পথে তারা গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানায়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 11:12 PM

Updated : 30 Dec 2023, 04:02 PM

খাগড়াছড়ির পানছড়ির সীমান্ত সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে হারুবিল এলাকা থেকে পানছড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি মো. শফিউল আজম জানান।

গুলিবিদ্ধ দুজন হলেন- পানছড়ি উপজেলার দমদম এলাকার আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৭) এবং মধ্যনগর এলাকার মধু শাহ’র ছেলে আঙ্গুর মিয়া (৩৪)। তবে মোটরসাইকেলটির চালক রমজান আলী অক্ষত আছেন।

পুলিশ জানিয়েছে, দুর্গম হারুবিল এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করে ভাড়ায় চালিত মোটরসাইকেলে দু‘জন পানছড়িতে ফিরছিলেন। পথে চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে তারা বিদ্ধ হয়ে সড়কে পড়ে যান। তাদের শরীরের বেশ কয়েক স্থানে গুলি লাগে। পরে খবর পেয়ে লোগাং ৩ বিজিবি জোনের সদস্যরা তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পানছড়ি হাসপাতালের চিকিৎসক মো. পারভেজ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. শফিউল আজম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে তারা আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।