র্যাব উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার ফজল কাদের, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রহমান ও আজিজুল হককে গ্রেপ্তার করেছে।
Published : 28 Mar 2023, 08:53 PM
কক্সবাজারের উখিয়া উপজেলায় সুপারি চুরির অপবাদ দিয়ে এক কলেজছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর ছৈয়দ সাদিকুল হক।
গ্রেপ্তাররা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)। আসামি ফজল কাদের যুবলীগের জালিয়াপালং ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক।
নির্যাতনের শিকার তরুণ (১৯) জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সাদিকুল হক বলেন, “শনিবার সন্ধ্যায় ডেইলপাড়ার বাসিন্দা ফজল কাদেরর বাগান থেকে সুপারি চুরির অভিযোগে পাচঁ থেকে ছয় ব্যক্তি ওই কলেজছাত্রকে তুলে নিয়ে যায়। পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড ও বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা নির্যাতন চালানো হয়।
“খবর পেয়ে ফজল কাদেরের বাড়ির আঙ্গিনা থেকে স্থানীয়দের সহায়তায় স্বজনরা ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।”
তিনি আরও বলেন, এ ঘটনায় রোববার সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে ফজল কাদেরকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন।
“র্যাবের কাছে অভিযোগ আসার পর মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।"
আসামিদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, “ফজল কাদের এখন যুবলীগের সঙ্গে সাংগঠনিকভাবে জড়িত নেই। ২০১৮ সালে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাকে বহিষ্কার করে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।”