হবিগঞ্জে বসতঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঘরের বিছানায় ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের বসতঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার চরগাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান।
৫৫ বছর বয়সী নিহত তহুরা বেগম ওই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নিজের বসতঘরের বিছানায় তহুরা বেগমের মরদেহ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ সময় তারা চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসেন। পরে থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়েরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মো. ডালিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল ও রমজান মিয়াকে থানায় আনা হয়েছে।
