রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা
রাজশাহী বোর্ডে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।
বুধবার দুপুরে ঘোষিত ফলাফলে এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ; যা গত বছর ছিল ৯১ দশমিক ২৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ৩২ হাজার ৮০০ জন।
বেলা সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রদের ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন এবং ছাত্রর সংখ্যা ৯ হাজার ৮৯৮ জন।
তিনি আরও বলেন, এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ৮১ দশমিক ৬০। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ৩১টি কলেজের শিক্ষার্থী। যা গত বছর ছিল ১৬২ কলেজ।
এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। যা গত বছর ছিল শূন্য।
রাজশাহী কলেজের পাসের হার ১০০ শতাংশ বলে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক জানিয়েছেন।
তিনি বলেন, তার কলেজ থেকে এবছর ৪৭৬ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।
