২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে `আরসা সদস্য’ খুন

আশ্রয় শিবিরে বাজার করার সময় জামালকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানায় এপিবিএন।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে `আরসা সদস্য’ খুন

উখিয়ার বালুখালিতে রোহিঙ্গা আশ্রয় শিবির।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 03:10 PM

Updated : 10 Aug 2023, 03:10 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন; যাকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র সদস্য বলছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে বলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়রের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান।

নিহত মুফতি জামাল (৫৫) ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে। তিনি আরসার সক্রিয় সদস্য ছিলেন বলে জানায় এপিবিএন।

আমির জাফর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জামাল আশ্রয় শিবিরের ই-ব্লকে বাজার করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় ৫-৬ জন অস্ত্রধারী জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ঘটনার পর আশ্রয় শিবিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ক্যাম্পে অভিযান অব্যাহত রয়েছে।