৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক

বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় কথা কাটাকাটি হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 06:46 PM

Updated : 30 Sep 2026, 06:46 PM

চট্টগ্রামের পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে তার স্বামীকে আটক করেছে এসআরবি।

নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শ পাড়া এলাকায় বুধবার সকালে এ হত্যার ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নাস্তা করার সময় মো. জাবেদ ও তার স্ত্রী সানজু বিবির মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাবেদ টেবিলে থাকা ছুরি দিয়ে সানজুর ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।

“প্রতিবেশীরা সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাবেদ-সানজুর দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। সকালে হত্যাকাণ্ডের সময় বাসায় ছেলে মেয়ে কেউই ছিল না। তাদের মেয়ে জানিয়েছে, প্রায় সময় মা-বাবার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হত।”

এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া জাবেদকে বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য দিয়েছেন এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি বলছে, গ্রেপ্তার জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। বিভিন্ন সময়ে টাকা হারিয়ে তারা স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এর জেরে জাবেদ ছুরিকাঘাত করে সানজুকে খুন করে।

জাবেদকে আটকের পর তার দেয়া স্বীকারোক্তিতে বাসার সামনে একটি কাঁঠাল গাছের নিচ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে বলেছেন এএসপি মোসলেহ উদ্দিন।

হত্যার ঘটনায় আটক জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তথ্য দিয়েছেন ওসি আবদুর রহিম।