১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে আগুনে পুড়ল ৮ দোকান

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 12:06 PM

Updated : 18 Sep 2026, 12:06 PM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আগুনে পুড়ে গেছে আটটি দোকানঘর। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মতিউর রহমান বলেন, “দোকানটাই ছিল আমাদের সংসার চালানোর ভরসা। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ব্যবসা শুরু করব, সেটাই বুঝতে পারছি না।”

আব্দুর রব খান মন্টু নামে আরেক ব্যবসায়ী বলেন, “সকালে এসে দেখি দোকানে কিছুই নেই। মালামাল সব পুড়ে ছাই। এতদিনের পরিশ্রম চোখের সামনে শেষ হয়ে গেল।”

স্থানীয়রা জানান, ভোরে আগুন লাগার পর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এর আগেই ৮টি দোকানসহ বিভিন্ন ধরনের মালামাল ও ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, বলেন তিনি।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, এর মধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।