২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: কাজী জাফর উল্যাহ

তিনি বলেন, এদেশের উন্নয়নের ধরা অব্যহত রাখতে আগামী নির্বাচন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতা বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: কাজী জাফর উল্যাহ

ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 06:27 PM

Updated : 04 Mar 2023, 10:15 PM

স্বাধীনতা বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।

তিনি বলেছেন, “স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে; তারা চায় না সুষ্ঠু নির্বাচন। তারা অতীতের মত পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়।”

শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উচাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মিসভাটি হয়।

এ সময় দেশে দীর্ঘ মেয়াদী উন্নয়ন চাইলে বঙ্গবন্ধুর কন্যার নৌকা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন এদেশের উন্নয়নের ধরা অব্যহত রাখার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

সভায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুর রহমান মিরন, সহ সভাপতি মো. ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জান রাজাসহ স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্যাহ বলেন, “একমাত্র আধুনিক রাষ্ট্র উপহার দিতে পারেন শেখ হাসিনা। এ জন্য সাধারণ মানুষকে নিয়ে দলের সব পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুল করেও দুষ্টু চক্রের ফাঁদে পা দেওয়া যাবে না।”