গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় মুহুরি নিহত
ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দিলে এর যাত্রী রাস্তায় পড়ে যান।
গাজীপুর সিটির মাজুখনা এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মুহুরি নিহত হয়েছেন।
নিহত আমজাদ হোসেন মোল্লা (৪৫) গাজীপুরের আদালতে কাজ করতেন। সিটি করপোরেশনের বসুগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমজাদ মারা যান বলে পূবাইল থানার এসআই মো. হুমায়ূন কবির জানান।
এসআই বলেন, আমজাদ হোসেন গাজীপুর সিটির মীরেরবাজার থেকে ইজিবাইকে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথে ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমজাদ রাস্তায় পড়ে যান।
“তখন টঙ্গীগামী একটি কভার্ড ভ্যান আমজাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই হুমায়ূন।
