বার বার ডেকেও পায়নি আদালত, ৩ এসআইয়ের বেতন আটকে দেওয়ার নির্দেশ
এই তিন এসআই তিনটি মামলার তদন্ত কর্মকর্তা। তাদের একজনকে ২২ বার, একজনকে ১৯ বার, একজনকে ১১ বার কুড়িগ্রামের আদালতে ডাকা হলেও তারা সাড়া দেননি।
বিভিন্ন মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য পুলিশের তিন এসআইকে বার বার ডেকেও না পেয়ে ক্ষুব্ধ কুড়িগ্রামের একটি আদালত তাদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মো. মজনু মিয়া এ ধরনের অপরাধকে আদালত অবমাননার শামিল বলে গণ্য করেছেন এবং পরবর্তী তারিখে সশরীরে হাজির হয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন।
মঙ্গলবার আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) লুৎফর রহমান বলেন, তিনজনই মামলার তদন্ত কর্মকর্তা। তাদের একজনকে ২২ বার, একজনকে ১৯ বার এবং একজনকে ১১ বার ডেকেও সাক্ষ্য নিতে পায়নি আদালত। এ কারণেই এই আদেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, “আদালতের আদেশ ও সমন পেয়ে আদালতে হাজির না হওয়া সিআরপিসি এর ৪৮৫ (এ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”
আইনজীবী আরও বলেন, গত ৫ জানুয়ারি এ বিষয়ে আদালত শুনানি করেন। সোমবার লিখিত আদেশ দিয়েছেন, মঙ্গলবার সেটি প্রকাশ পেয়েছে।
তিন পুলিশ কর্মকর্তা হলেন- রাজিবপুর থানার এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এসআই তসির উদ্দিন এবং এসআই মো. আশেদুজ্জামান।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, এ সংক্রান্ত আদালতের তিনটি আদেশ মঙ্গলবার পেয়েছেন। এ ব্যাপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের আইনজীবীরা জানান, ২০১৯ সালে হাই কোর্ট বিভাগের এক সিদ্ধান্ত অনুসারে, যেসব সরকারি কর্মচারী মামলায় সাক্ষী রয়েছেন, তারা যদি সাক্ষ্য দিতে আদালতে হাজির না হন, তাহলে অন্যান্য নির্দেশনার পাশাপাশি তাদের বেতন আটক দেওয়া যাবে।
এপিপি লুৎফর রহমান বলেন, তিন এসআইয়ের বিরুদ্ধে ৪৫৮ (এ) ধারার অপরাধ আমলে নেওয়া হয়েছে। তাদের কেন সাজা দেওয়া হবে না- তা সশরীরে হাজির হয়ে বলার নির্দেশ দিয়েছে আদালত।
এ সংক্রান্ত আদেশের কপি পুলিশের রংপুর বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), কুড়িগ্রামের পুলিশ সুপার, রাজাপুর থানার ওসি এবং তিন এসআইকেও পাঠানো হয়েছে।
বিচারিক হাকিম তৃতীয় আদালতের পেশকার লিয়াকত আলী বলেন, এসআই মো. আবু বক্কর সিদ্দিককে ২২ বার ডাকা হয়েছে। কিন্তু তিনি সাক্ষ্য দিতে আসনেনি। ১৩ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হতে বলেছে।
এসআই মো. আশেদুজ্জামানকে ১৯ বার ডাকা হয়েছে। তিনি আসেননি। তাকে ১৪ ফেব্রুয়ারি আদালত তলব করেছে।
এসআই তসির উদ্দিনকে ১১ বার ডাকলেও তিনি সাক্ষ্য দিতে আসেননি। তাকে আগামী ১৩ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে আদালত।
এর মধ্যে একটি মামলার আসামিপক্ষের আইনজীবী জিন্নাত আরা পারুল বলেন, এই মামলায় আসামি দুজন। তাদের বিরুদ্ধে ৫০ গ্রাম করে ১০০ গ্রাম গাঁজা রাখার অভিযোগ আনা হয়েছে। প্রায় চার বছর ধরে মামলা চলছে। আসামিরা নিয়মিত হাজিরা দিলেও রাষ্ট্রপক্ষ সাক্ষ্য না দেওয়ায় ন্যায়বিচার মিলছে না। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং হয়রানি বন্ধে সাহসী আদেশ দিয়েছেন।
কুড়িগ্রামের আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম আব্রাহাম লিংকন বলেন, “আদালতের এ আদেশের ফলে আগামীতে সব সরকারি দপ্তরের সাক্ষীদের ইচ্ছাকৃত অনুপস্থিতির হার কমবে। মামলায় সাক্ষী দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র দায়িত্ব।
“তা না হলে ব্যাহত হয় বিচার কার্যক্রম। হয়রানির শিকার হবে বিচারপ্রার্থী। সময় নষ্ট হয় বিচার বিভাগের। অর্থের অপচয় ঘটে রাষ্ট্রের। এসব কারণেই মামলার জট ক্রমেই বাড়ছে। ন্যায়বিচারের স্বার্থে এটা কাম্য নয়।”
