মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিম্নচাপের প্রভাবে রোববার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে রোববার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া অমাবশ্যার তিথির থাকার কারণে জেলার প্রধান প্রধান নদ নদীগুলোতে পানির চাপ কিছুটা বেড়েছে।
রোববার মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্ট হওয়ায় মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইউরিয়া সার, কন্টেইনার, কয়লা, গ্যাস, সিমেন্ট তৈরির কাঁচামালসহ মোট ১৪টি দেশি বিদেশি জাহাজ বন্দরে অবস্থান করছে। জাহাজে পণ্য ওঠানামার কাজও স্বাভাবিকভাবে চলছে।
তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলায় করণীয় কি হবে- তার প্রস্তুতি নিতে জরুরি সভা করা করেছে। আবহাওয়ার পরিবর্তন হলে বন্দরে অবস্থান নেওয়া জাহাজসহ সকল ছোটবড় নৌযান নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।”
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জেলা প্রশাসন আবহাওয়া অফিসের দেওয়া বার্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় যা যা করণীয় রয়েছে তা নির্ধারণ করতে বিকাল ৪টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
