১০২ জন নতুন বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত: প্রধান বিচারপতি
মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।
আরও ১০২ জন নতুন বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি বলেন, “এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে নতুন করে আরও ১০০ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। বিচারক নিয়োগ প্রক্রিয়া শেষ হলে মামলা নিষ্পত্তির হারও বৃদ্ধি পাবে।”
বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন, “বাংলাদেশের আদালতগুলোতে প্রায় ৩৫ লাখ মামলা পেন্ডিং আছে। চেষ্টা করা হচ্ছে, মামলাগুলোকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার। যাতে মানুষ দিনের পর দিন আদালতের বারান্দায় না ঘুরে।”
প্রধান বিচারপতি বলেন, “সম্প্রতি দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৪টিরও বেশি জেলায় যত মামলা ফাইল হয়েছে, নিষ্পত্তির হার তার চেয়ে বেশি। যদি মামলা ফাইল হওয়ার চেয়ে বেশি নিষ্পত্তি করতে পারি, দেখা যাবে আগামী ৪-৫ বছরে মামলাজট একটি সহনশীল পর্যায়ে এসেছে।”
জামালপুর জেলা জজ আদালতে ও মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচারক ও আইনজীবীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
সেইসঙ্গে মামলা জট কমানোর জন্য বার এবং বেঞ্চের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দার, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিউর রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-২ এর বিচারক মো. শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. রফিকুল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদসহ জামালপুরের অন্যান্য বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
পরে জেলা জজ আদালত প্রাঙ্গণ ও মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে একটি লিচুর ও একটি আমগাছের চারা রোপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পরে তিনি আইন পেশায় ৫০ বছর অতিক্রমকারী জামালপুরের চার আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
সংবর্ধনা পাওয়া আইনজীবীরা হলেন- নওয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী, এইচআর জাহিদ আনোয়ার এবং খলিলুর রহমান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইসমত পাশা।
