‘অভিযানে গিয়ে’ মাদকের ১৭ কর্মকর্তা অবরুদ্ধ ডাকাত সন্দেহে
স্থানীয়রা জানান, মাইকে ডাকাত দল আসার ঘোষণা শুনে তারা বাড়ির বাইরে এসে জড়ো হন।
বরিশালে গভীর রাতে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ডাকাত সন্দেহে এলাকাবাসীর হাতে অবরুদ্ধ হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্যের একটি দল।
শনিবার রাত ১২টার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার বাগদা বাজারে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ জানান।
অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমান মাদকের খবরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সন্ধ্যা নদী ধরে দুটি স্প্রিডবোটে আগৈলঝাড়ার পয়সার হাটের উদ্দেশে রওয়ানা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্য।
দলের একজন এনায়েত হোসেন বলেন, “বাগধা বাজারের কাছাকাছি স্থানে কচুরিপানায় আটকে যায় স্প্রিডবোট দুটি। এ সময় স্থানীয়রা ডাকাত ভেবে মসজিদের মাইকিং করে। স্থানীয়রা জড়ো হয়ে দলটিকে ঘিরে ফেলে।”
তিনি জানান, খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। সকালে তারা ফিরে আসেন।
সহকারী পরিচালক আরো বলেন, “বাগদা বাজারের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন, আমাদের আগেই ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশ গিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে নিয়ে গেছে। কিন্তু কারা মাদক উদ্ধার করেছে এখন পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি।”
স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, গভীর রাতে মসজিদের মাইকে মাইকিং করার কারণে আতঙ্কিত জনগণ বাড়ি থেকে বের হয়ে বাহিরে অবস্থান নেয়। মাদক উদ্ধারে আসা দলটিকে দেখে সন্দেহ হলে এলাকার লোকজন তাদের চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। অবরুদ্ধ হয়ে দলের সদস্যরা প্রথমে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিলে সবাইকে পরিচয়পত্র দেখাতে বলা হয়।
আল আমিন আরও জানান, তখন সবার কাছে পরিচয়পত্র না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের আটকে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও বাজার কমিটির লোকজনকে খবর দেন স্থানীয়রা।
আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, নদীপথে স্প্রিডবোট নিয়ে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটায় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। তাই এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিচয় নিশ্চিত করলে দলের সদস্যদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন, উপ-পরিদর্শক ইশতিয়াক, আব্দুল মজিদ, সহকারী উপ-পরিদর্শক ফারুক হোসেনসহ দলটিতে ১৭ জন ছিলেন। ডাকাত সন্দেহে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হলেও পরিচয় জানার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
