২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চাতাল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সমাবেশ

অন্যান্য দাবির মধ্যে রয়েছে নূন্যতম মজুরি নারী শ্রমিকদের ৩০০ টাকা এবং পুরুষদের ৫০০ টাকা নির্ধারণ; ৫০ কেজি ওজনের বস্তা শ্রমিকদের দিয়ে বহন না করানো।

নওগাঁয় চাতাল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সমাবেশ

আট দফা দাবির সমাবেশে চাতাল শ্রমিকরা

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 07:53 PM

Updated : 29 Aug 2022, 07:53 PM

মজুরি দ্বিগুণ করাসহ আট দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাতাল শ্রমিকরা।

জেলা ধান্য বয়লার ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল সোমবার সকাল সাড়ে ১০টায় শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় সমাবেশে মিলিত হয়।

Image

আট দফা দাবিতে চাতাল শ্রমিকদের সমাবেশ

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নারী শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০০ টাকা এবং পুরুষদের ৫০০ টাকা নির্ধারণ, ৫০ কেজি ওজনের বস্তা শ্রমিকদের দিয়ে বহন না করানো, সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা, ১০ টাকা কেজিতে চাল সরবরাহ, ইতোপূর্বে ঘোষিত ২৭ দফার বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্যসম্মত পয়ঃপ্রণালী ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা এবং শ্রমিকদের প্রাপ্ত সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন।

জেলা ধান্য বয়লার ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফর হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় সদস্য রাগিব আহসান মুন্না, নওগাঁ জেলা সভাপতি মহশিন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা সভাপতি আজিজুর রহমান, জেলা ধান্য বয়লার ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, বতমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জেলার চাতাল শ্রমিকরা দুঃখ-কষ্টে দিন যাপন করছেন। তাদের না আছে খাদ্যের নিরাপত্তা, না আছে শিক্ষা-স্বাস্থ্য ও চিকিৎসার নিশ্চয়তা।

Image

আট দফা দাবিতে চাতাল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

গত ৩০ বছরেও চালাল শ্রমিকদের অবস্থার কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তারা আরও বলেন, একজন নারী শ্রমিক সারাদিন কাজ করে মাত্র ১২০ থেকে ১৩০ টাকা মজুর পান। পুরুষ শ্রমিকরা পান ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা। এই মজুরি দিয়ে সংসার চলছে না শ্রমিকদের। তাদের অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে আট দফা মেনে নেওয়ার দাবি জানান।