২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা: ফরিদপুরে মা-মেয়েসহ নিহত ৩

ভোর থেকেই প্রচুর কুয়াশা থাকায় সড়কে প্রায় কিছু দেখা যাচ্ছিল না।

ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা: ফরিদপুরে মা-মেয়েসহ নিহত ৩

ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 02:11 PM

Updated : 29 Dec 2022, 02:19 PM

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় চিনিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে এক প্রাইভেট কারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লা হেল বাকী।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম (৩৮), তার মেয়ে জয়নব আক্তার (২) এবং একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার (১৭)।

আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আব্দুল্লা জানান, ভোর থেকেই প্রচুর কুয়াশা থাকায় সড়কে প্রায় কিছু দেখা যাচ্ছিল না। এ সময় ঢাকা থেকে ১৬ টন চিনি নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিল একটি ট্রাক।

সলিলদিয়া এলাকায় ট্রাকটির পেছনে ভাঙ্গাগামী একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে গাড়িটির চালকসহ ছয়জন যাত্রীর মধ্যে লাবনী বেগম ঘটনাস্থলেই মারা যান।

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  শিশু জয়নব ও সুরাইয়া মারা যায়।

এসআই আব্দুল্লা হেল বাকী বলেন, “এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গিয়েছে।

“নিহত লাবনী বেগমের মরদেহ হাইওয়ে থানায় ও অন্য দুইজনের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।