২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যুদের হামলায় সাগরে ঝাঁপ দিয়ে দুই জেলের মৃত্যু

ভোলার চরফ্যাশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 03:27 PM

Updated : 21 Aug 2022, 03:27 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় জলদস্যুদের হামলার চেষ্টার সময় সাগরে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার বঙ্গোসাগরের মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রাব্বী (১৫) এবং তার চাচা মিজান মাঝি (৪০)।

জেলেদের বরাত দিয়ে রোববার সকালে ওসি বলেন, রাতে ৮ থেকে ১০ জেলে সাগরের শিবচর পয়েন্টে মাছ ধরছিলেন। এ সময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করে।

“তখন ভয়ে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেন। দুজনই নিজেদের ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান।”

পরে অন্য জেলেরা দুজনের মরদেহ উদ্ধার করে উল্লেখ করে ওসি আরও বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।