বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শানু আর নেই
গত ১১ নভেম্বর বগুড়ায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শানু।
সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত শানু মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।
গত ১১ নভেম্বর সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শানু। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল আলম জুয়েল বলেন, “সাংবাদিক শানুর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। এরপরই চিকিৎসকরা গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন। তবে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে তাকে মৃত ঘোষণা করেন।”
মৃত্যুর পর বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বগুড়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক শানুর মরদেহ রাখা হয়। সেখানে বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পুলিশ সুপার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান হয়।
পরে তার মরদেহ ফুলবাড়ী শ্মশানে সমাহিত করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেন, “আমরা চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন করেছি। তারপরেও তাকে বাঁচানো গেল না।”
আরও পড়ুন
