০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘হয়রানি’ বন্ধের দাবিতে প্রেস ক্লাবের সামনে ব্যাটারি রিকশার চালকদের বিক্ষোভ

‘হয়রানি ও ডাম্পিং’ বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন চালকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 01:48 PM

Updated : 05 Oct 2026, 01:48 PM

পুলিশি ‘হয়রানি’ ও ডাম্পিং বন্ধ এবং রাজধানীর সব সড়কে অবাধে চলাচলের সুযোগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

সোমবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন।

বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার চালক সড়কের দুই পাশ অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, রাস্তায় অটোরিকশা আটকে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। দরিদ্র চালকদের পক্ষে এত টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন। এছাড়া অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর সংযোগও কেটে দেওয়া হচ্ছে।

‘হয়রানি ও ডাম্পিং’ বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন চালকরা।

বেলা সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক হাজার অটোরিকশা চালক বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে বারোটার দিকে তারা মিছিল নিয়ে চলে যান।”