২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোবায় মিলল শিশুর লাশ, অভিযোগ পালক বাবার বিরুদ্ধে

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ডোবায় মিলল শিশুর লাশ, অভিযোগ পালক বাবার বিরুদ্ধে

তানজিমুল ইসলাম ফাহিম

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 04:07 PM

Updated : 19 Jul 2023, 04:07 PM

বরিশালের গৌরনদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে পালকপুত্রকে হত্যার অভিযোগ এনেছেন এক নারী।

তবে ওই ব্যক্তির দাবি, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার শরিকল ইউনিয়নের মিয়ার চর গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী থানার পরিদর্শক মো. হেলালউদ্দিন জানান।

৭ বছর বয়সি তানজিমুল ইসলাম ফাহিমকে ওই গ্রামের সন্তানহীন এনামুল হক চৌকিদার ও ফেরদৌসী বেগম দম্পতি দত্তক নিয়েছিলেন বলে জানান শরিকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খাইরুল ইসলাম।

তবে এনামুল দ্বিতীয় বিয়ে করায় ফেরদৌসীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

 শিশু ফাহিম এনামুলের সঙ্গে থাকতো বলে শরিকল তদন্ত কেন্দ্রের এসআই মো. শাহিন জানান।

পুলিশের পরিদর্শক হেলালউদ্দিন জানান, ফেরদৌসী বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির পালক-পিতা এনামুলের বরাত দিয়ে এসআই শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ফাহিম বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। পরে বাড়ির পেছনের ডোবায় ভেসে থাকা অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এসআই শাহীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তিনি করেছেন। শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি।

“ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

শিশুটির পালক-মা ফেরদৌসী বেগম সাংবাদিকদের বলেন, এনামুল ও তার ১৫ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই। তাই সাত বছর আগে শিশুটিকে দত্তক নেন তারা।

তারপরও এনামুল গোপনে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে কলহ হয়। পরে ১৫ জুলাই তাদের বিচ্ছেদ হয়ে যায়। ওই দিনই ফাহিমকে নিজের কাছে নিয়ে নেন এনামুল।

ফেরদৌসি বলেন, “আমার ফাহিমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।” 

খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ছেলেটিকে হত্যা করা হয়েছে দাবি করে ফেরদৌসী বলেন, “এনামুল ও পরিবার হত্যার বিষয়টি ধামাচাপা দিতে ফাহিমকে পানিতে ফেলে দিয়েছে।”

ইউপি সদস্য খাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতাম ছেলেটি তাদের। কয়েক সপ্তাহ আগে জন্ম নিবন্ধন সনদ নিয়েছে। তখন জানতে পেরেছি, ছেলেটি তারা হাসপাতাল থেকে পালতে এনেছে। তবে কোন হাসপাতাল থেকে এনেছে তা জানাননি তারা।”

খাইরুলের দাবি, খবর পেয়ে তিনি গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার কোনো লক্ষণ দেখতে পাননি।

“যে ডোবায় শিশুটির লাশ পাওয়া গেছে, সেই ডোবার পানির উচ্চতা শিশুর উচ্চতার চেয়ে কম। এ ছাড়া পানিতে ডুবে মারা গেলে নাক-কান দিয়ে রক্ত; মুখ দিয়ে লালা বের হয়। কিন্তু শিশুটির ক্ষেত্রে এ ধরনের কোনো চিহ্ন নেই। পানিতে ডুবলে বাঁচার জন্য চেষ্টা করবে। সেক্ষেত্রে তার হাতে-পায়ে কাদা থাকবে; কিন্তু তাও নেই।”